ইরানের সঙ্গে
চলমান সংঘাতের রেশ ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি আরো বাড়াতে যাচ্ছে
যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ৩,০০০ থেকে
৪,০০০ প্যারাট্রুপার ওই অঞ্চলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। মঙ্গলবার (২৪
মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দুই কর্মকর্তা।
নর্থ
ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে অবস্থানরত এই সেনারা আদেশ পাওয়ার মাত্র ১৮ ঘণ্টার
মধ্যে প্যারাশুটের সাহায্যে বিমান থেকে যেকোনো স্থানে নামতে সক্ষম।
সরাসরি ইরানের অভ্যন্তরে সেনা পাঠানোর চূড়ান্ত
সিদ্ধান্ত না হলেও, এই অতিরিক্ত বাহিনী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক
সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে। এমনকি ইরানের তেলের মূল কেন্দ্র খার্গ দ্বীপে
স্থলবাহিনী নামানোর বিকল্প নিয়েও আলোচনা করছে ট্রাম্প প্রশাসন।
এর আগে ২০
মার্চ ইউএসএস বক্সার যুদ্ধজাহাজে করে কয়েক হাজার মেরিন সেনাকে ওই অঞ্চলে পাঠানো
হয়েছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে তেহরানের
সঙ্গে চুক্তির কথা বলছেন, অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধি করছেন। সম্প্রতি ট্রাম্প ইরানি
বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি স্থগিত করে আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন। তবে সোমবার (২৩
মার্চ) ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ মন্তব্যের পর ইরান কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার
করায় পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে পড়েছে।