রাজনীতিতে যারা মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে
অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির
সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত
এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। যারা তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে
সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, ‘আমার রাজনৈতিক ক্যারিয়ার এক
বছরের না, বহু বছরের। তোমাদের অনেকের তখন জন্ম হয় নাই, এমনকি বাপ-মায়েরও বিয়ে হয়
নাই। সুতরাং এই ক্যারিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না।’
তিনি সমালোচকদের
মিথ্যাচার ও অপবাদ দেওয়া বন্ধ করে নিজেদের ক্যারিয়ার গঠনের দিকে নজর দিতে পরামর্শ
দেন।
সম্প্রতি ঢাকা
বিশ্ববিদ্যালয়ে সরকারবিরোধী স্লোগান দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কার বিরুদ্ধে
স্লোগান দেন? এই সরকার নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার আওয়ামী
লীগের মতো রাতের ভোটের সরকার। এটি কোটি লোকের ভোটে নির্বাচিত সরকার।’ তিনি উল্লেখ
করেন যে, দাবি জানানোর নির্দিষ্ট পদ্ধতি আছে এবং বর্তমান পরিস্থিতিতে সরকারকে
বিব্রত করা থেকে বিরত থাকা উচিত।
কিছু মানুষের ক্ষমতার লোভ দেশকে অস্থিতিশীল
করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আহ্বান জানাবো এই রমজান মাসে আপনারা অস্থিতিশীল
পরিবেশ সৃষ্টির চেষ্টা করবেন না। রোজা মুখে মিথ্যা কথা বলবেন না, অপপ্রচার করবেন না
এবং গালিগালাজ করবেন না।’ তিনি আরও বলেন, মানুষের আচরণেই তার বংশ ও মর্যাদার পরিচয়
পাওয়া যায়। শরীরে সুন্নতি লেবাস ও মুখে দাড়ি রেখে রোজা মুখে গালিগালাজ করলে সেই রোজার
কোনো সার্থকতা থাকে না বলে তিনি মন্তব্য করেন।